ইত্তেফাক ডেস্ক
পৃথক স্থানে পানিতে ডুবে মঙ্গল ও বুধবার তিন জনের মৃত্যু হয়েছে। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
পঞ্চগড় :পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় বুধবার পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম তামিম (৯)। সে উপজেলার বলরামপুর ইউনিয়নের চুচুলী বটতলী বিন্নাকুড়ি এলাকার জাকির হোসেনের ছেলে। আটোয়ারী থানার ওসি ইজারউদ্দিন পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নান্দাইল (ময়মনসিংহ) :নান্দাইলে বুধবার সকালে পুকুরের পানিতে ডুবে তামিম নামের ১৮ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার চন্ডিপাশা ইউপির চামারুল্লাহ গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, এ বিষয়ে আমাদের কেউ অবগত করেনি।
কিশোরগঞ্জ (নীলফামারী) :কিশোরগঞ্জে মঙ্গলবার বিকালে পুকুরের পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের নাম শাহজাহান আলী (৬৬)। তিনি উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নের সয়রাগন্ধ্যা গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে। কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল জানান, শাহজাহান আলী শারীরিকভাবে প্রতিবন্ধী ছিলেন। তিনি দীর্ঘদিন অসুস্থ। ঘটনার দিন তিনি বাড়ির পাশে পুকুরপাড়ে বসে ছিলেন। এ সময় হঠাত্ পা পিচলে পুকুরে পড়ে যান। পরে এলাকাবাসী পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরিবারের অভিযোগ না থাকায় থানায় ইউডি মামলা করা হয়েছে।