ফরিদগঞ্জে অবাধে বিক্রি হচ্ছে পিরানহা মাছ

ফরিদগঞ্জ (চাঁদপুর) সংবাদদাতা

ফরিদগঞ্জে নিষিদ্ধ পিরানহা মাছ অবাধে বিক্রি হচ্ছে। উপজেলার পুকুর থেকে শুরু করে ধানের সঙ্গে মাছ চাষের প্রজেক্টগুলোতে দিনদিন এই নিষিদ্ধ পিরানহা মাছের চাষও বাড়ছে। প্রতিদিন ফরিদগঞ্জ সদর বাজারের মাছের আড়ত, ভাঁটিয়ালপুর চৌরাস্তা মাছের আড়ত ও গল্লাক বাজার মাছের আড়তে অবাধে পাইকারি বিক্রি করা হচ্ছে এই মাছ। আর খুচরা বিক্রেতারা আড়ত থেকে কিনে প্রত্যন্ত অঞ্চলে বাড়ি বাড়ি বিক্রি করছেন। পিরানহা মাছ চাষ ও বিপণন আইনত অপরাধ। তাছাড়া চিকিত্সকদের মতে, স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকরও বটে এই মাছ। উপজেলা মত্স্য কর্মকর্তা ফারহানা আক্তার রুমা জানান, পিরানহা মাছ চাষ ও বিক্রি বেআইনি। ইউএনওর সঙ্গে পরামর্শ করে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরি বলেন, ‘মানবদেহের জন্য পিরানহা মাছ ক্ষতিকর বিধায় আইন করেই নিষিদ্ধ করা হয়েছে। এ মাছ কেউ চাষ বা বিক্রি করলে তাদের বিরুদ্ধে উপজেলা মত্স্য কর্মকর্তাকে ব্যবস্থা গ্রহণ করতে বলব।’