বার্ডের প্রতিষ্ঠাতা নির্বাহী ড. আখতার হামিদ খানের জন্মবার্ষিকী আজ

কুমিল্লা প্রতিনিধি

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) কুমিল্লার প্রতিষ্ঠাতা নির্বাহী ও প্রখ্যাত সমাজবিজ্ঞানী ড. আখতার হামিদ খানের ১০৭তম জন্মবার্ষিকী আজ বৃহস্পতিবার। তিনি পল্লী উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন পরীক্ষানিরীক্ষার সফল নেতৃত্ব দানের জন্য সমগ্র বিশ্বে অত্যন্ত সমাদৃত। বিশেষ করে পল্লী উন্নয়নের কার্যকর মডেল উদ্ভাবনের ক্ষেত্রে তার অবদান আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। ষাটের দশকে ড. খানের নেতৃত্বে উদ্ভাবিত পল্লী উন্নয়নে কুমিল্লা মডেলের জন্য বার্ড বিশ্বখ্যাতি অর্জন করে। তার জন্মবার্ষিকী উপলক্ষ্যে করোনার কারণে সীমিত পরিসরে বার্ড জামে মসজিদে বিশেষ দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে বলে বার্ডের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। ড. আখতার হামিদ খান ভারতের আগ্রায় ১৯১৪ সালের ১৫ জুলাই জন্মগ্রহণ করেন। তিনি আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৩৪ সালে ইংরেজি সাহিত্যে এমএ ডিগ্রি লাভ করেন এবং তত্কালীন ব্রিটিশ ভারতের অধীনে অত্যন্ত সম্মানজনক ইন্ডিয়ান সিভিল সার্ভিস (আইসিএস) কর্মকর্তা হিসেবে যোগদান করেন।