ভিসা পেলেন রুবেল-শামীম
স্পোর্টস রিপোর্টার
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট বেশ অনায়াসেই জিতেছে বাংলাদেশ দল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামীকাল। ওয়ানডে সিরিজের আগে ভালোই ধাক্কা খেল বাংলাদেশ শিবির। সফরের মাঝপথে দেশে ফিরছেন মুশফিকুর রহিম। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, পারিবারিক কারণে গতকালই হারারে থেকে দেশের উদ্দেশে বিমানে চড়েছেন অভিজ্ঞ এ উইকেটকিপার-ব্যাটসম্যান। সংগত কারণেই জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-২০ সিরিজে খেলবেন না তিনি।
পারিবারিক কারণটা গোপন রাখার চেষ্টা করেছেন মুশফিক। যদিও সেটি আর গোপন থাকেনি শেষ পর্যন্ত। বিসিবি সূত্রে জানা গেছে, মুশফিকের বাবা মাহবুব হামিদ ও মা রহিমা খাতুনের করোনা ধরা পড়েছে। দুজনকেই জরুরি ভিত্তিতে ঢাকায় আনা হয়েছে। বাবা-মায়ের অসুস্থতার কথা শুনেই জিম্বাবুয়ে থেকে ফিরছেন মিডল অর্ডারে বাংলাদেশের বড় ভরসা এ ব্যাটসম্যান। গতকাল রাতেই তার দেশে ফেরার সিদ্ধান্ত হয়েছিল।
জিম্বাবুয়ে সফরে শুধু টেস্ট ও ওয়ানডে খেলবেন, তাই টি-২০ থেকে ছুটিও নিয়েছিলেন মুশফিক। কিন্তু মঙ্গলবার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হন তিনি। জিম্বাবুয়েতে টি-২০ খেলেই ফেরার সিদ্ধান্ত চূড়ান্ত করেন। আগামী মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজ খেলতে হলে, এমনটা করতেই হতো তাকে। কারণ অস্ট্রেলিয়া সিরিজ খেলতে হলে ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে, তাছাড়া সিরিজ খেলা যাবে না। তাই বাধ্য হয়েই টি-২০ সিরিজ খেলার সিদ্ধান্ত নেন মুশফিক।
কিন্তু বাবা-মায়ের অসুস্থতায় বদলে গেল দৃশ্যপট। অভিজ্ঞ এ ক্রিকেটার এখন দেশের পথে, তাকে ছাড়াই ওয়ানডে, টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ দল।
এদিকে এক সপ্তাহ অপেক্ষার পর জিম্বাবুয়ের ভিসা পেয়েছেন রুবেল হোসেন ও শামীম হোসেন পাটোয়ারি। গতকাল দিবাগত রাত ভোর ৪টা ২৫ মিনিটে জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়ার কথা দুই ক্রিকেটারের। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
ভিসা পেতে বিলম্ব হওয়ায় ক্ষতি হলো ওয়ানডে দলের পেসার রুবেলের। আগামীকাল মাঠে গড়াবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের প্রথম ওয়ানডে। নিশ্চিতভাবেই ম্যাচটি খেলতে পারবেন না তিনি। শামীম পাটোয়ারি প্রথম বার জাতীয় দলে ডাক পেয়েছেন। ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সের কারণে টি-২০ দলে সুযোগ পান এ তরুণ ক্রিকেটার।