বিশেষ প্রতিনিধি
সরকারি বিধিনিষেধ শিথিলের মধ্যে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ঘরমুখো মানুষের চলাচল নির্বিঘ্ন করার জন্য মহাসড়ক-সড়কে হাইওয়ে ও জেলা পুলিশ এবং নৌপথে নৌপুলিশকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন পুলিশ প্রধান (আইজিপি) ড. বেনজীর আহমেদ। গতকাল বুধবার ঈদুল আজহা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনাসংক্রান্ত এক ভার্চুয়াল সভায় আইজিপি এই নির্দেশনা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) মো. সোহেল রানা। সড়ক ও নৌপথে পশুবাহী ট্রাক বা লঞ্চে নির্দিষ্ট হাটের নাম উল্লেখ করে ব্যানার টানানো এবং এক হাটের পশুবাহী গাড়ি অন্য হাটে প্রবেশ নিয়ন্ত্রণ করতে হাট কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেন পুলিশ প্রধান।
এ সময় করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে পশুর হাট বসানোরও অনুরোধ জানান আইজিপি। দেশের প্রধান প্রধান ঈদ জামাতস্থলের নিরাপত্তা নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি প্রতিপালনপূর্বক পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ মোতায়েনের নির্দেশ ছাড়াও ঈদের ছুটিতে চুরি, ডাকাতিসহ অন্যান্য অপরাধ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে পুলিশি টহল এবং বিট পুলিশিং কার্যক্রম বাড়ানোর নির্দেশনা দেন তিনি। এ প্রসঙ্গে, চৌকিদারি ব্যবস্থাকেও কাজে লাগানোর উদ্যোগ নিতে বলেন আইজিপি।
পুলিশ প্রধান বলেন, বাংলাদেশ পুলিশের নানাবিধ উদ্যোগের ফলে জঙ্গি ও উগ্রপন্থা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে। এ ধরনের যে কোনো তত্পরতা রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ পুলিশি কার্যক্রম চলমান রাখতে হবে। সভায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিগণ, সংশ্লিষ্ট ডিআইজিগণ এবং অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।