স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
ফতুল্লায় পাঁচ বছর বয়সি এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তহুরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রাধানগর বড় ডাবপুরের আব্দুল মান্নানের পুত্র এবং ফতুল্লা থানার দেলপাড়া এলাকার একটি বাড়ির ভাড়াটিয়া। এ ঘটনায় গতকাল বুধবার শিশুটির মা বাদী হয়ে তহুরুল ইসলামকে আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।
জানা যায়, বাদী ও গ্রেফতারকৃত তহুরুল একই বাড়িতে ভাড়া থাকেন। বাদী একটি গার্মেন্টে চাকরি করেন। প্রতিদিনের মতো তিনি ৯ জুলাই তার পাঁচ বছর বয়সি মেয়েকে বাসায় একা রেখে সকাল ৮টার দিকে নিজ কর্মস্থলে চলে যান। একই দিন দুপুর আড়াইটার দিকে তহুরুল ইসলাম বাদীর মেয়েকে পেয়ারা খাওয়ানোর কথা বলে নিজ রুমে ডেকে নিয়ে ধর্ষণ করে। ঘটনার পরদিন সকালে শিশুটি তার মাকে পুরো বিষয়টি জানায়। মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক এস এম শামীম জানান, তহুরুল ইসলামকে গ্রেফতার করে আদালতে এবং শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে সিদ্ধিরগঞ্জে ছয় বছরের এক শিশুকে ফুচকা খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া ফুসকা বিক্রেতাকে কারাগারে পাঠানো হয়েছে। তার নাম ইব্রাহিম। মামলার সূত্রে জানা যায়, অভিযুক্ত ইব্রাহিম গত সোমবার বিকালে ঐ শিশুকে ফুচকা খাওয়ানোর লোভ দেখিয়ে সিদ্ধিরগঞ্জ থানাধীন এসও সাকিন্থ মেঘনা ডিপো ও পদ্মা ডিপোর মাঝামাঝি নদীর পাড়ে নিয়ে ধর্ষণ করে। একই দিন সন্ধ্যার দিকে মায়ের সঙ্গে বেড়াতে বেরিয়ে শিশুটি ইব্রাহিমকে দেখে বলে, ‘আপনি ভালো না’। সে সময় শিশুটির মা ও পাশের দোকানদার স্বপন মিয়া কথাটি শুনে শিশুকে জিজ্ঞাসাবাদ করলে সে তাদের কাছে ঘটনা খুলে বলে। পরে ইব্রাহিমকে আটক করে জিজ্ঞাসাবাদে সত্যতা পেয়ে পুলিশের কাছে তুলে দেয় স্থানীয় লোকজন। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ফতুল্লা থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন। মঙ্গলবার বিকালে আসামিকে আদালতে পাঠালে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়। অভিযুক্ত ইব্রাহিম চাঁদপুর দক্ষিণ বালিয়া বাজার এলাকার বাসিন্দা।