কালীগঞ্জে দুই পক্ষে সংঘর্ষ, আহত ২০

কালীগঞ্জ (গাজীপুর) সংবাদদাতা

কালীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নাগরী ইউপি চেয়ারম্যান সমর্থকদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার উপজেলার নাগরী ইউনিয়নের শহীদ ময়েজউদ্দিন চত্বর এলাকায় এ ঘটনায় আহত হয়েছে অন্তত ২০ জন। জানা গেছে, গতকাল রায়েরদিয়া উচ্চবিদ্যালয় মাঠে ঈদ উপহার বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির মহিলাবিষয়ক সম্পাদক ও স্থানীয় এমপি মেহের আফরোজ চুমকি অনুষ্ঠানস্থলে আসার সময় পথিমধ্যে শহীদ ময়েজউদ্দিন চত্বর এলাকায় অভ্যর্থনা জানানোকে কেন্দ্র করে স্থানীয় মেম্বার সেলিম মিয়া, সাবেক চেয়ারম্যান প্রয়াত আব্দুল কাদিরের ছেলে অর্ণব ও আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমানের নেতৃত্বে অর্ধশতাধিক লোক নিয়ে বর্তমান চেয়ারম্যান অলিউল ইসলাম অলির সমর্থিত লোকদের ওপর দেশীয় অস্ত্রে সুসজ্জিত হয়ে পরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায়। এ সময় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতরা কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিত্সাধীন।