টেকনাফে শরণার্থী ক্যাম্পে এক জনকে পিটিয়ে খুন

কক্সবাজারের টেকনাফে শরণার্থী ক্যাম্পে পূর্ব শত্রুতার জের ধরে এক জনকে পিটিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় পুলিশ সন্দেহভাজন ১০ জনকে আটক করেছে।

জানা যায়, গতকাল বুধবার রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড শরণার্থী ক্যাম্পের বি-ব্লক এলাকায় ব্লক-ডি এর ১০২৯/৬ নং শেডের বাসিন্দা মৃত জাফর আলমের পুত্র মো. এনামত প্রকাশ এনাম এবং ব্লক-সি এর ৮৯২/১নং শেডের বাসিন্দা আবু তালেবের পুত্র মো. শাকেরের মধ্যে কথা কাটাকাটি ও সংঘর্ষের উপক্রম হয়। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে শাকেরকে মারধর করে ও মাথায় টর্চলাইট দিয়ে আঘাত করে। এতে শাকের গুরুতর আহত ও রক্তাক্ত হয়ে পড়ে থাকে। খবর পেয়ে নয়াপাড়া ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভিকটিমকে উদ্ধার করে পার্শ্ববর্তী আইপিডি হাসপাতালে চিকিত্সার জন্য নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর টেকনাফ মডেল থানা পুলিশ ও নয়াপাড়া এপিবিএন সদস্যরা যৌথ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেফতার করে।

কক্সবাজার ১৬এপিবিএন অধিনায়ক এসপি মো. তারিকুল ইসলাম তারিক জানান, মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। আসামিদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।