গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধ

গাজীপুরে তিন বছরের পাওনা বকেয়া বেতন-ভাতার দাবিতে বুধবার আবারও কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার কর্মকর্তা-কর্মচারীরা। বিক্ষুব্ধ কর্মচারীরা প্রায় ৯ ঘণ্টা ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করে রাখেন।

আন্দোলনরতর শ্রমিকরা জানান, গাজীপুর মহানগরীর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) সামনে লক্ষ্মীপুরা এলাকার স্টাইল ক্র্যাফ্ট পোশাক কারখানায় প্রায় ৭৫০ কর্মকর্তা-কর্মচারী এবং প্রায় ৫ হাজার শ্রমিক রয়েছেন। কারখানার কর্মকর্তা-কর্মচারীরা চলতি বছরের মার্চ, মে ও জুন মাসসহ গত সেপ্টেম্বর মাসের পূর্ণ বেতন-ভাতা এবং ২০১৯ সালের ডিসেম্বর, ২০২০ সালের মার্চ ও আগস্ট মাসের শতকরা ৫০ ভাগ, অক্টোবর মাসের ৩৫ ভাগ, নভেম্বর মাসের ১৫ ভাগ বেতন পাওনা রয়েছে। এ ছাড়াও কারখানার কর্মচারীরা ইনক্রিমেন্টসহ তাদের চার বছরের বার্ষিক ছুটির ও দুই বছরের ঈদ বোনাসের টাকা পাওনা রয়েছে। তারা বেশ কিছু দিন ধরে এসব পাওনাদি পরিশোধের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছিল। কারখানা কর্তৃপক্ষ কর্মকর্তা-কর্মচারীদের পাওনাদি পরিশোধের একাধিকবার তারিখ ঘোষণা করলেও পরিশোধ করেনি। সর্বশেষ ঘোষণানুযায়ী কর্মকর্তা-কর্মচারীরা বেতন ভাতার জন্য বুধবার সকালে কারখানার গেটে অবস্থান নেন। কিন্তু এদিনও তাদের পাওনাদি পরিশোধে অপারগতা প্রকাশ করে কারখানার মালিক। এতে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় তারা প্রতিশ্রুতি অনুযায়ী পাওনাদি পরিশোধের দাবি জানিয়ে বিক্ষোভ করতে থাকেন।

গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর সমীর চন্দ্র সূত্রধর ও স্থানীয়রা জানান, স্টাইল ক্র্যাফ্ট পোশাক কারখানার শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীরা বুধবার সকাল ৮টার দিকে কারখানায় আসে। কিন্তু কারখানার শ্রমিকরা কাজে যোগ দিলেও কর্মকর্তা-কর্মচারীরা (অফিস স্টাফ) কাজে যোগ না দিয়ে সাড়ে ৮টার থেকে কর্মবিরতি শুরু করেন। এ সময় তারা কারখানার ভেতরে ও গেটে অবস্থান নিয়ে তাদের পাওনা চার মাসের পূর্ণ বেতন ভাতাসহ গত তিন বছরের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে বিক্ষোভ করতে থাকেন। শ্রমিকরা ৯ ঘণ্টা ঐ সড়কের উপর অবস্থান করে। অবরোধের কারণে সড়কের উভয় দিকে শতাধিক যানবাহন আটকা পড়ে।