বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ছেড়ে চলে গেল অন্যতম শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। গতকাল বুধবার পুরানা পল্টনে সংগঠনটির জরুরি সংবাদ সম্মেলনে কওমি মাদ্রাসাভিত্তিক প্রাচীন ধর্মীয় সংগঠন জমিয়তের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া জোট ছাড়ার ঘোষণা দিয়েছেন। এ সময় দলটির ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা জিয়া উদ্দীন আহমেদও উপস্থিত ছিলেন। জোট ত্যাগের কারণ হিসেবে তিনি বলেন, ইসলামী মূল্যবোধের প্রতি বিএনপির অনাস্থা ও জোটের শরিক দল হিসেবে যথাযথ মূল্যায়ন করা হচ্ছে না। মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া বলেন, ২০ দলীয় জোট ত্যাগ করা জমিয়তের জন্য কল্যাণকর। আজ (বুধবার) থেকে জোটের কোনো কার্যক্রমে জমিয়ত থাকবে না। তিনি বলেন, জোটের শরিক দলের যথাযথ মূল্যায়ন না করা, শরিকদের সঙ্গে পরামর্শ না করেই উপনির্বাচন এককভাবে বর্জন করা, আলেমদের গ্রেফতারের যথাযথ প্রতিবাদ না করা, জমিয়ত মহাসচিব মরহুম আল্লামা নূর হোসেন কাসেমীর মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে সমবেদনা না জানানো এবং তার জানাজায় শরিক না হওয়া। এছাড়া সংবাদ সম্মেলনে মাদ্রাসা খুলে দেওয়া, কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানানো হয়।
সূত্র মতে, হেফাজতের তাণ্ডবের ঘটনায় জমিয়তের প্রথম সারির বেশ কয়েক জন নেতা গ্রেফতার হয়ে কারাগারে আছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন, আল্লামা জুনায়েদ আল হাবিব, মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি, মাওলানা মনির হোসেন কাসেমী, মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদী ও মাওলানা মোহাম্মদ উল্লাহ জামী। জমিয়তের একটি সূত্রের দাবি, জুনায়েদ আল হাবিব ও মনির হোসেন কাসেমী ছাড়া বাকিদের মুক্তির বিষয়টি ত্বরান্বিত করতে জোট ছাড়ার বিষয়টি কাজে দিতে পারে। এ বিষয়ে এতদিন পক্ষে-বিপক্ষে দুটি মত থাকলেও এখন জোট ছাড়ার বিষয়ে সবাই একমত হয়েছেন।