প্রতিষ্ঠার প্রায় দুই দশকেও আধুনিকায়নের কোনো ছাপ পড়েনি মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনায়। পরিচ্ছন্ন নগর গড়ে তোলা ও শহরবাসীর নাগরিক সুবিধা দেখভালের দায়িত্বে থাকা স্থানীয় সরকারের এ প্রতিষ্ঠানটির বর্জ্য ব্যবস্থাপনার চিত্র এতটাই নাজুক যে শহরের যত্রতত্র জমিয়ে রাখা হয়েছে ময়লা-আবর্জনার স্তূপ। এতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন পৌরবাসী।
পৌরসভা সূত্রে জানা গেছে, ২০০১ সালে বড়লেখা পৌরসভা প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার প্রায় দুই দশক পার হলেও ময়লা-আবর্জনা ফেলার নির্ধারিত স্থান করা সম্ভব হয়নি।
সরজমিনে (১২ জুলাই) দেখা গেছে, মৌলভীবাজার-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের আইলাপুর এলাকায় (বড়লেখা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড) ময়লা-আবর্জনার স্তূপ রয়েছে। সড়কের উত্তর পাশ ঘেঁষে অন্তত ২০০ মিটার এলাকা জুড়ে বর্জ্যের স্তূপ জমিয়ে ফেলেছে পৌর কর্তৃপক্ষ। এখানে হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টারের বর্জ্য, পলিথিন, প্লাস্টিকের বোতল, উচ্ছিষ্ট খাবার, কার্টন ইত্যাদি ছড়িয়ে-ছিটিয়ে স্তূপাকারে রয়েছে। আইলাপুর ছাড়াও শহরের বিভিন্ন ওয়ার্ডের ১০-১২টি স্থানে ময়লা-আবর্জনার স্তূপ চোখে পড়েছে।
এ ব্যাপারে বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী বলেন, ‘ময়লা-আবর্জনা ফেলার জন্য স্থায়ীভাবে একটি জায়গা চিহ্নিত করে বরাদ্দের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন দেওয়া হয়েছে। এছাড়া অন্যভাবে জায়গা ক্রয় করার প্রস্তুতিও আছে আমাদের। তিনি আরও বলেন, এভাবে ময়লা ফেলতে আমরা আগ্রহী নই। আমরা শহরটাকে পরিষ্কার রাখতে পারছি না। বেশি ময়লা তো ঐ এলাকায় ফেলা যায় না। যেগুলো না নিলে নয় সেগুলো নেওয়া হচ্ছে।
ইত্তেফাক/এমআর