পাটুরিয়া ফেরিঘাট স্বাভাবিক, পারাপারে নেই ভোগান্তি

কঠোর বিধিনিষেধ উঠে যাওয়ার প্রথমদিন পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৫টি ফেরি দিয়ে চলছে যাত্রী ও যানবাহন পারাপার। সড়ক মহাসড়ক ও ঘাট এলাকায় যানবাহনের কিছুটা চাপ থাকলেও ঘাট এলাকায় নেই পারাপারের ভোগান্তি।

ফেরি সচল এবং নদী শান্ত থাকায় পারাপারে ভোগান্তি নেই বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ মহাব্যবস্থাপক মো. জিল্লুর রহমান।

তিনি জানান, ছোট বড় ১৫ টি ফেরি দিয়ে দূরপাল্লার বাস, জরুরি পণ্য ও পশুবাহী ট্রাক পারাপার করা হচ্ছে। নাব্য সংকট না থাকায় ফেরি পারাপারেও অল্প সময় লাগছে। বর্তমানে পাটুরিয়া ঘাট এলাকায় কিছু পণ্যবাহী ট্রাক আটকা থাকলেও বাসের চাপ নেই। বাস ঘাটে আসা মাত্রই পার হয়ে যাচ্ছে।

এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা কাজীরহাট নৌরুটে ৩৪ টি লঞ্চ চলাচল করছে। তবে, লঞ্চঘাটে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

করোনা ভাইরাসের ডেলটা ধরনের ভয়াবহ সংক্রমণে শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় গত ১ জুলাই সারাদেশে শুরু হয় কঠোর বিধিনিষেধ। ঈদ সামনে রেখে সেই বিধিনিষেধ আপাতত তুলে নেওয়া হয়েছে। সরকার জানিয়েছে, ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত সকল বিধিনিষেধ শিথিল থাকবে। ঈদের ছুটির পর ২৩ জুলাই সকাল ৬টা থেকে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত আগের কঠোর বিধিনিষেধগুলো আবারও কার্যকর হবে।

ইত্তেফাক/এএএম