‘দিন:দ্য ডে’ ছবিটি নিয়ে গত ২ বছর নানা আলোচনা করেছেন অনন্ত জলিল। ছবিটি এখন মুক্তির অপেক্ষায়। এদিকে এই ছবিটিকে দেশের সবচেয়ে বড় বাজেটের বলেছেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। তবে সর্বশেষ খবর হলো নরওয়ের বলিউড ফেস্টিভ্যালে অনন্ত-বর্ষার ‘দিন:দ্য ডে’ আমন্ত্রিত হয়েছে।
এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘এটা অবশ্যই আনন্দের সংবাদ। আমি সবসময়ই বলেছি বাংলা চলচ্চিত্রকে বিশ্বের সামনে তুলে ধরার চেষ্টা আমার রয়েছে। সেদিক দিয়ে বাংলা চলচ্চিত্রের যে কোনো সাফল্যই আমাকে আনন্দ দেয়। যেমন সম্প্রতি কান উত্সবে আমাদের চলচ্চিত্র বিশেষ মর্যাদায় আসীন হয়েছে। এভাবেই আমরা এগিয়ে যাবো সাংস্কৃতিক উন্নয়নে। এদেশে বিশ্বমানের চলচ্চিত্রের ক্ষেত্রে আমি সবসময় উদ্যোগ নিয়েছি। দিন: দ্য ডে’ ছবিটি বিশ্বের যে কয়েকটি দেশের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করছে, তা এদেশে প্রথম।’
আগামী ১০ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে এই বলিউড ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যাল নরওয়ের স্ক্যান্ডিনেভিয়াতে নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে। যেখানে এশিয়ান ছবিগুলোকে বিশ্ব দরবারে উপস্থাপন করা হয়।
দিন:দ্য যে’ ছবিটির প্রযোজক ও নায়ক বলেন, ‘এই ছবিটি নিয়ে বিশ্বের সকল ফেস্টিভ্যালেই যাওয়ার ইচ্ছে রয়েছে। কারণ বাংলাদেশের ইতিহাসে এক বড় বাজটের ছবি এর আগে হয়নি।’
অন্যদিকে এই ছবিটির পরেই যে ছবিটি মুক্তির অপেক্ষায় থাকবে সেটি হলো ‘নেত্রী:দ্য লিডার’। এই প্রথম অনন্ত জলিলের প্রযোজনায় বর্ষাকে কেন্দ্রীয় চরিত্রে রেখে ছবি নির্মাণ করা হচ্ছে। এই ছবিটির বেশ কিছু শুটিং তুরস্ক ও ভারতে করা হয়েছে।
নতুন ছবি প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘আসলে এই করোনা পরিস্থিতির কারণেই সবকিছু প্ল্যান আমাদের পিছিয়েছে। না হলে হয়তো আরো দুটি নতুন ছবি মুক্তি পেতো। এদিকে নিজের ফ্যাক্টরির স্টাফদের দায়িত্ব। এই মহামারিতে মানুষের পাশে দাঁড়ানোর যে কাজটি আমি করেছি। তা বলার অপেক্ষা রাখে না। ওদের ভালোবাসায় আমি আজকের অনন্ত। তাই তাদের ভালোবাসার মর্যাদা দিতে চাই।’