অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। বুধবার তাকে প্রথমে একটি সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিত্সার পর পাঠানো হয়েছে সাও পাওলোর অন্য একটি হাসপাতালে। প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন, ১০ দিন ধরে ক্রমাগত হেঁচকি উঠছে বোলসোনারোর। চিকিত্সকদের ধারণা, তার পাকস্থলীতে একটি ব্লক রয়েছে। তা থেকেই এই সমস্যার সৃষ্টি। প্রয়োজনে প্রেসিডেন্টের অস্ত্রোপচার করা হতে পারে। গত ৩ জুলাই দাঁতের চিকিত্সা করিয়েছিলেন ৬৬ বছর বয়সি এই নেতা। এর পর থেকেই ভয়ংকরভাবে হেঁচকি উঠছে তার। বোলসোনারো বর্তমানে সাও পাওলোর দ্য ভিলা নোভা হাসপাতালে চিকিত্সাধীন। বুধবার রাতে হাসপাতালটির কর্তৃপক্ষ জানিয়েছে, প্রেসিডেন্ট কিছুদিন হাসপাতালেই থাকবেন। তার অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। দেশটির যোগাযোগমন্ত্রী ফাবিও ফারিয়া জানিয়েছেন, আগামী দুই দিন প্রেসিডেন্টের সব দাপ্তরিক কাজ স্থগিত রাখা হচ্ছে। জার্মান সংবাদমাধ্যম ডয়েচেভেলে জানায়, ২০১৮ সালে একটি অনুষ্ঠানে বিরোধী রাজনৈতিক গোষ্ঠীর এক সমর্থক বোলসোনারোর পেটে ছুরি দিয়ে আঘাত করেছিলেন। ঐ ছুরিকাঘাতের পর একাধিকবার পেটের সমস্যা হয়েছে প্রেসিডেন্টের। এ নিয়ে চিকিত্সাও করাতে হয়েছে অনেক বার। সম্প্রতি হেঁচকির সমস্যাও ঐ ঘটনার জন্য বলে ধারণা করছেন চিকিত্সকরা।