তুমি ঘোড়ার পিঠে চড়ে
ছুটতে থাকো জোরে।
তুমি আঁকছ হিজিবিজি
তুমি সারাটাক্ষণ বিজি।
তুমি ছাদে ওড়াও ঘুড়ি
আমি তোমার সাথে উড়ি।
তুমি ছাদবাগানে নাচো
তুমি তোমার মতো আছ।
তুমি পথের কুকুর যতো
ওদের খাওয়াও নিজের মতো।
তুমি অনলাইনে পড়ো
তুমি অনেক কিছু করো।
তুমি পাখিদের গান শোনো
তোমার ভাবনা তো নেই কোনো।
তুমি তিনবেলা খাও পোলাও
পেটে দু হাত বোলাও।
তোমার বয়স এখন নয়
তোমার কিছুতে নেই ভয়।
তোমার অনেক খেলনা গাড়ি
তুমি সাগর দেবে পাড়ি।
তোমার ফুলের গন্ধ হাতে।
তুমি ফড়িং ছানার সাথে—
তুমি স্বপ্নগুলো আঁকো
তুমি নিজের মতো থাকো।
তুমি খেলনাপাতি কিনে
তোমার আপুর জন্মদিনে।
তুমি বাজাও পাতার বাঁশি
তোমার মুখে মধুর হাসি।
তোমার সারাটাদিন খেলা
তুমি আমার ছেলেবেলা।