মুরগীর মালিকানা নিয়ে ২ পক্ষের সংঘর্ষ, প্রাণ গেলো যুবকের

শিবগঞ্জে একটি মুরগীকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে প্রাণ গেল এক যুবকের। ঘটনাটি ঘটেছে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের রামনাথপুর গ্রামে। 

প্রত্যক্ষদর্শী ও দূর্লভপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রাজিব রাজু জানান, গত ১১ জুলাই বিকেলে রামনাথপুর গ্রামের এনামুল হকের ছেলে আকবর আলী (৩০) ও তার স্ত্রী একটি মুরগী নিজেদের বলে দাবি করলে প্রতিবেশী মাহাতাব আলী ও তার স্ত্রী ওই মুরগীটিই তাদের বলে দাবি করে।

এ নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় প্রতিপক্ষের দেশীয় অস্ত্র ও লাঠির আঘাতে আকবর আলী গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত ২টার দিকে মারা যায়। 

আকবরের চাচা বাদি হয়ে থানায় অভিযোগ দেওয়ায় ওসি (তদন্ত) বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়না তদন্ত শেষে  রিপোর্ট পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গেছে।