চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা নিতে আসা অধিকাংশ রোগী এবং তাদের স্বজনরা স্বাস্থ্যবিধি মানছেন না। স্বাস্থ্য কমপ্লেক্সের প্যাথলোজি বিভাগে দেখা গেছে, ল্যাব টেকনিশিয়ান মনিরুল ইসলামকে ঘিরে দাঁড়িয়ে আছেন বেশ কয়েক জন রোগী। এসব রোগীর অধিকাংশেরই মুখে মাস্ক নেই। একই অবস্থা ওষুধ বিতরণ কক্ষ এবং টিকিট কাউন্টারের সামনেও। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন কুমার বসাক জানান, বারবার বলা সত্ত্বেও অধিকাংশই স্বাস্থ্যবিধি মানছে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার রিপন কুমার বিশ্বাস বলেন, এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে কথা বলব।