বাগেরহাটে এক দিনে করোনার টিকা নিয়েছেন ২ হাজার ৫০৯ জন

বাগেরহাট জেলায় গত বুধবার এক দিনে সিনোফার্মের করোনার টিকা নিয়েছেন ২ হাজার ৫০৯ জন। বাগেরহাট সদর হাসপাতালের করোনা টিকা কেন্দ্রের পাঁচটি বুথ থেকে ৮৬২ জন ও জেলার অপর আটটি উপজেলা টিকা কেন্দ্র থেকে ১ হাজার ৬৪৭ জন টিকা নিয়েছেন। গণটিকা কার্যক্রমের দ্বিতীয় ধাপে বুধবার পর্যন্ত জেলার ৯টি করোনা টিকাদান কেন্দ্র থেকে ৮ হাজার ৭৪ জন করোনার সিনোফার্মের টিকা নিয়েছেন। বাগেরহাটের সিভিল সার্জন কে এম হুমায়ুন কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।   বাগেরহাট রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক তালুকদার নাজমুল কবির ঝিলাম জানান, বাগেরহাট সদর হাসপাতাল কেন্দ্রে টিকা নিতে আসা লোকজনের ভোগান্তি দূর করতে বাগেরহাট রেডক্রিসেন্ট ইউনিটের পক্ষ হতে এই টিকা কেন্দ্রের সামনে অস্থায়ী শেড বানিয়ে লোকজনের বিশ্রাম ও খাবার পানির ব্যবস্থা করা হয়েছে। পাশাপশি এই টিকা কেন্দ্রের প্রতিটি বুথে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন যুব রেডক্রিসেন্টের সদস্যরা।