রাজৈরে নিখোঁজের একদিন পর সুমন বৈদ্য নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার আমগ্রাম দক্ষিণ পাড়া এলাকা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত সুমন বৈদ্য একই এলাকার নির্মল বৈদ্যর ছেলে। পুলিশ জানায়, সুমন বৈদ্য পুরোনো মোবাইল কিনে বাড়িতে আসলে তার পরিবারের লোকজনের সঙ্গে ঝগড়া হয়। এর জেরে সুমন বুধবার সকালে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের ভিটায় তার লাশ ও লাশের পাশে কীটনাশক পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ওসি (তদন্ত) মো. আনোয়ার হোসেন জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।