চলনবিল অধ্যুষিত পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর ও তাড়াশসহ অন্যান্য উপজেলায় বর্ষার পানি আসার সঙ্গে সঙ্গে দেশীয় প্রজাতির ডিমওয়ালা মা মাছ ও পোনা মাছ নিধনের মহোত্সব শুরু হয়েছে। চলনবিলের বড়াল, করতোয়া, গুমানী, চিকনাই, রতনাই নদীসহ বিভিন্ন খাল-বিলে এ পোনা নিধন করছে এক শ্রেণির অসাধু মত্স্য শিকারীরা। তারা নিষিদ্ধ কারেন্ট জাল, চায়না দোয়ার, মশারি, বাঁধাই জাল ও মাছ ধরার নানা উপকরণ দিয়ে মা মাছ ও পোনা নিধন করছে। হাটে-বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে অবৈধভাবে ধরা এসব দেশীয় প্রজাতির মা ও পোনা মাছ। চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউপি চেয়ারম্যান কে এম জাকির হোসেন বলেন, মা ও পোনা মাছ নিধন রোধে সবাইকে সচেতন হতে হবে। এভাবে নদ-নদী থেকে পোনা ও ডিমওয়ালা মাছ নির্বিচারে নিধন অব্যাহত থাকলে মাছের বংশ বৃদ্ধি ব্যাহত হবে। পোনা ও ডিমওয়ালা মা মাছ নির্বিচার নিধন বন্ধ করা না গেলে ভবিষ্যতে নদ-নদী-বিলগুলোতে দেশীয় প্রজাতির মাছের তীব্র আকাল দেখ দেবে। চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম জানান, মত্স্য বিভাগের সঙ্গে কথা বলে পোনা মাছ নিধন বন্ধে পদক্ষেপ নেওয়া হবে।