সংবাদ সংক্ষেপ

স্বরূপকাঠিতে পাঁচ মোটরসাইকেল চালককে জরিমানা

স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা স্বরূপকাঠিতে বৈধ কাগজপত্র না থাকায় পাঁচ মোটরসাইকেল চালককে ১ হাজার ৮০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী এ জরিমানা করেন। পুলিশের সহায়তায় নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সদরে জগন্নাথকাঠি বন্দরে অভিযান চালিয়ে সড়ক পরিবহন আইনে মোটরসাইকেল চালক আমিনুর রহমানকে ১ হাজার টাকা, গৌতম দাস, আনিসুর রহমান হাফিজ আকন ও দেব দুলাল প্রত্যেককে ২০০ টাকা করে মোট ১ হাজার ৮০০ টাকা জরিমানা করেন। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী।

ডোমারে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু

ডোমার (নীলফামারী) সংবাদদাতা ডোমার উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধার (৫৫) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে ডোমার থেকে আন্তঃনগর ট্রেন তিতুমীর এক্সপ্রেস চিলাহাটি যাচ্ছিল। ডোমার রেলগেট থেকে প্রায় ১ কিলোমিটার উত্তর দিকে পশ্চিম বোড়াগাড়ি এলাকায় পৌঁছালে রেললাইনে শুয়ে থাকা ঐ বৃদ্ধার ওপর দিয়ে ট্রেন চলে যায়। চিলাহাটি স্টেশন মাস্টার মো. আশরাফুল ইসলাম জানান, সৈয়দপুর জিআরপি থানায় বিষয়টি জানানো হয়েছে। তারা লাশ উদ্ধার করে আইনি ব্যবস্থা নেবে।

কাঠালিয়ায় আইনশৃঙ্খলা সভা

কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা কাঠালিয়ায় বৃহস্পতিবার আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।

ভিজিএফের চাল বিতরণ

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগরের বিভিন্ন ইউনিয়নে বৃহস্পতিবার ঈদুল আজহা উপলক্ষ্যে ভিজিএফর চাল বিতরণ উদ্বোধন করা হয়েছে। ঐ কর্মসূচির আওতায় ১৭ হাজার ৫৯৯ জন অসহায় ও দুস্থর মধ্যে ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. চন্দন কুমার পোদ্দার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান প্রভাষক মো. ছোয়াব আহমেদ হূতুল চাল বিতরণ উদ্বোধন করেন।

ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স উদ্বোধন

চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা জেলা পরিষদের উদ্যোগে ১৯ লাখ ১৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জের প্রথম ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে। চৌহালী উপজেলার এনায়েতপুর থানার বেতিল বাজারে প্রতিষ্ঠিত সদিয়াচাঁদপুর ইউনিয়নে এ কমপ্লেক্সের উদ্বোধন করেন সাবেক মন্ত্রী ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস।

স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী প্রদান

বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী প্রদান করা হয়েছে। রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিমের ছেলে ও জেলা আওয়ামী লীগের সদস্য আশিক মাহমুদ মিতুল হাকিমের উদ্যোগে এসব স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাফিন জব্বারের কাছে প্রদান করা হয়।

নাঙ্গলকোট প্রেসক্লাবের কমিটি গঠন

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা নাঙ্গলকোট প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ২১ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। মজিবুর রহমান মোল্লাকে (ইত্তেফাক) সভাপতি ও সাইফুল ইসলামকে (নয়া দিগন্ত) সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।

প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেলেন ২৩ জন

জয়পুরহাট প্রতিনিধি অসুস্থতাজনিত দুস্থ অসহায় যারা টাকার অভাবে চিকিত্সা করতে পারছে না এমন ২৩ জনকে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঐ মানবিক সহায়তার ৯ লাখ টাকার চেক ২৩ জনের হাতে তুলে দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু।

কর্মহীনদের মধ্যে ত্রাণ বিতরণ

বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটে কর্মহীন অসহায়দের মধ্যে বৃহস্পতিবার  সেনাবাহিনীর পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ২৮ পদাতিক ব্রিগেডের উদ্যোগে বাগেরহাট জেলার মির্জাপুর, চাকশ্রীসহ বিভিন্ন এলাকায় এ ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন লেফট্যানেন্ট মো. আতিকুজ্জামান আতিক, সার্জেন্ট জিয়াউর রহমান প্রমুখ।