বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি বলেছেন, গভীর সমুদ্রে মত্স্য আহরণের ক্ষেত্রে নীতিমালা গ্রহণের ক্ষেত্রে এসডিজি অর্জনে উন্নয়নশীল এবং নিম্ন আয়ের দেশগুলোকে বিশেষ সুবিধা দেওয়া প্রয়োজন। পরিবেশ দূষণের জন্য স্বল্পোন্নত দেশগুলো দায়ী নয়। সীমিত আকারে মত্স্য আহরণে সক্ষম দেশগুলোর বিষয় বিবেচনায় রাখা একান্ত প্রয়োজন। বড় আকারের ইন্ডাস্ট্রিয়াল ফিশিং ভ্যাসেলগুলো পরিবেশ নষ্টের কারণ। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ চায় উন্নয়নশীল এবং নিম্ন আয়ের দেশগুলোর স্বার্থ রক্ষা করেই নীতিমালা প্রণয়ন করা হোক। ব্লু ইকোনমি হতে আর্থিক সুবিধা আহরণের লক্ষ্যে এ নীতিমালা প্রস্তাব করা হয়েছে, এতে বাংলাদেশ উপকৃত হবে। বাণিজ্যমন্ত্রী গতকাল ঢাকায় সচিবালয়ের নিজ অফিস থেকে ফিশারিজ সাবসিডিয়ারি বিষয়ে ডব্লিউটিও ভার্চুয়াল ট্রেড নেগোসিয়েটিং কমিটির ৪১তম সভায় বক্তব্য প্রদানের সময় এসব কথা বলেন।