প্রবাসী কল্যাণ ব্যাংকের আরো তিনটি শাখা উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও সরাইল উপজেলায় এবং চাঁদপুরের মতলব উপজেলায় প্রবাসী কল্যাণ ব্যাংকের আরো তিনটি নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এক ভার্চুয়াল অনুষ্ঠানে নতুন তিন শাখার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিব (প্রবাসী কল্যাণ ব্যাংকের চেয়ারম্যান) ড. আহমেদ মুনিরুছ সালেহীন।

অনুষ্ঠানে মন্ত্রী ইমরান আহমদ বলেন, প্রবাসী কর্মীরা রেমিট্যান্স-যোদ্ধা হিসেবে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। বিদেশগামী ও বিদেশফেরত কর্মীদের পুনর্বাসনে সরল সুদে এবং সহজ শর্তে বিশেষ ঋণ প্রদানের মাধ্যমে প্রবাসী কল্যাণ ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রবাসী কর্মীদের কল্যাণের কথা বিবেচনা করে ব্যাংকের সেবার মান বৃদ্ধি ও অবকাঠামো শক্তিশালী করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে আরো কিছু শাখার উদ্বোধন করা হবে। এছাড়াও দেশের প্রতিটি উপজেলায় পর্যায়ক্রমে প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা খোলা হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক। এতে আরো উপস্থিত ছিলেন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক হামিদুর রহমান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নাজীবুল ইসলাম, বিএমইটির মহাপরিচালক শহীদুল আলম, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক বিল্লাল হোসেনসহ নবীনগর, সরাইল ও মতলবের জনপ্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।