‘টিকা নিলেও যতদিন করোনা থাকবে, ততদিন মাস্ক পরতে হবে’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেছেন, পৃথিবীতে যত দিন করোনা ভাইরাসের বর্তমান অবস্থা বিদ্যমান থাকবে টিকা নিলেও তত দিন নিজের ও অপরের সুরক্ষার জন্য মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

ফ্রন্টলাইন যোদ্ধা চিকিৎসকদের উদ্দেশ্যে উপাচার্য রোগীদেরকে নিজের পরিবারের সদস্যদের মতো আন্তরিকতার সাথে চিকিৎসাসেবা প্রদানের আহ্বান জানিয়ে বলেন, সুন্দর ও ভালো ব্যবহারের মাধ্যমে রোগীদের মন জয় করা যায় এবং নিজেকে গুণী চিকিৎসক ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব। 

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এ ব্লকে ফ্রন্টলাইন যোদ্ধা চিকিৎসকদের জন্য আয়োজিত ওরিয়েন্টশন প্রোগ্রামে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

এদিকে ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর ‘স্ট্রাকচারড ক্লিনিক্যাল এ্যাসেসমেন্ট স্টেশন সেটআপ’ শীর্ষক কর্মশালায় অংশ নিয়ে  উপাচার্য শিক্ষকদের প্রতি বছরে নুন্যতম ১টি করে গবেষণা সম্পন্ন করার আহ্বান জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় ও দেশের জন্য কল্যাণকর প্রয়োজনীয় এমন গবেষণা কর্মকে পুরস্কৃত করা হবে। 

উপাচার্য তার বক্তব্যে প্রশিক্ষণের মাঝে অর্জিত জ্ঞান অপরের মাঝে বিতরণের আহ্বান জানিয়ে বলেন, প্রশিক্ষণের মাধ্যমে কর্ম দক্ষতা বৃদ্ধি করে নিজেকে সম্পদে পরিণত করা সম্ভব। উপাচার্য ডেন্টাল অনুষদের আরও আধুনিকায়ন, উন্নয়ন ও সম্প্রসারণে বর্তমান প্রশাসনের সহায়তা প্রদান অব্যাহত রাখার কথাও উল্লেখ করেন এবং করোনা মহামারীর এই সময়ে চিকিৎসাসেবা প্রদান অব্যাহত রাখায় ধন্যবাদ জানান।

এ সকল প্রোগ্রামে উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ ছাড়াও অত্র বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর  পরিচালক অধ্যাপক ডা. হরষিত কুমার পাল, ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিকে বেতার ভবনের পিসিআর ল্যাবে বৃহস্পতিবার পর্যন্ত ১ লক্ষ ৬৪ হাজার ২৩ জনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। বেতার ভবনের ফিভার ক্লিনিকে ১ লক্ষ ৬ হাজার ৪ শত ৫১ জন রোগী সেবা নিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে ১৫ জুলাই ৬ শত ৪০ জন মডার্নার টিকা নিয়েছেন।

ইত্তেফাক/এমএএম