টোকিও অলিম্পিক গেমসে যারা যাচ্ছেন, তাদের সবাইকে সব ভেন্যুতে যেতে দেওয়া হবে না। যতটা সম্ভব খেলা শেষ হলে তাকে হোটেলে চলে যেতে হবে। ২৩ জুলাই টোকিও অলিম্পিক গেমস শুরু হবে। রিও অলিম্পিকে যে তালিকায় দেশ-বিদেশ মিলিয়ে অতিথির সংখ্যা ছিল ১০ হাজার। জানা গেছে, সেটা এবার নামিয়ে আনা হচ্ছে ১ হাজারে। স্বাভাবিকভাবেই কাকে বাদ দেওয়া হবে, কাকে তালিকায় রাখা হবে, সেই হিসাব কষতে গিয়েই আয়োজকেরা বিভ্রান্ত হয়ে পড়ছেন।
স্থানীয় সংবাদমাধ্যমকে আয়োজক কমিটির এক সূত্র জানিয়েছে, উদ্যোক্তারা এখন অঙ্ক কষে চলেছেন, শারীরিকভাবে অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কাদের আমন্ত্রণ জানানো হবে। এবং সেই সংখ্যাটা অনেকটাই কমিয়ে আনা হচ্ছে। তবে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি জিল বাইডেন।
সরকারের তরফে জানানো হয়েছে, গত ছয় মাসের মধ্যে বুধবারই টোকিওতে করোনায় আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ছিল। ১ হাজার ১৪৯ জন শুধু বুধবারেই আক্রান্ত হয়েছে বলে খবর। তাই উদ্বোধনী অনুষ্ঠান এবং অতিথির আমন্ত্রণ জানানোর বিষয়ে সতর্কতা অবলম্বন করছে আয়োজক কমিটি। যে স্টেডিয়ামে অলিম্পিকের উদ্বোধন হবে, সেই ন্যাশানাল স্টেডিয়ামে ৬৮ হাজার দর্শক একসঙ্গে বসতে পারেন। তবে সেই সংখ্যাটা মাত্র হাজারে নামিয়ে আনা হচ্ছে। অতিথি, বিদেশের গণমান্য ব্যক্তি এবং আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য মিলিয়ে মোট ১ হাজার জনকেই আমন্ত্রণ করা হচ্ছে বলে জানা গেছে।