রাসেলের ব্যর্থতায় জিতল অস্ট্রেলিয়া

ওয়েস্ট ইন্ডিজ সফরে টানা তিন ম্যাচ হেরে সিরিজ খুইয়ে বসা অস্ট্রেলিয়া অবশেষে জয়ের দেখা পেয়েছে। সেন্ট লুসিয়ায় সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচে ক্যারিবিয়ানদের ৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। আগামীকাল একই ভেন্যুতে সিরিজের পঞ্চম ও শেষ টি-২০ তে মুখোমুখি হবে দুই দল। পরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়ার জয় এসেছে আন্দ্রে রাসেলের ব্যর্থতায়। শেষ ওভারে জয়ের জন্য উইন্ডিজদের দরকার ছিল ১১ রান। মিচেল স্টার্কের চার বলে সিঙ্গেল নেওয়ার সুযোগ থাকলেও তা নেননি রাসেল। বাউন্ডারি মারার চেষ্টায় ছিলেন তিনি। পঞ্চম বলটি ছিল ফুল-টস, কিন্তু চার-ছক্কা কিছুই হাঁকাতে পারেনি রাসেল। শেষ বলে ছক্কা মেরেছেন বটে, ততক্ষণে স্বাগতিকদের হার নিশ্চিত হয়ে গেছে।

গতকাল সকালে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে ৬ উইকেটে ১৮৯ রান তুলেছিল অস্ট্রেলিয়া। মিচেল মার্শ ৭৫, অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৫৩, ড্যান ক্রিস্টিয়ান অপরাজিত ২২ রান করেন। ক্যারিবিয়ানদের পক্ষে হেইডেন ওয়ালশ ৩টি উইকেট নেন। জবাবে ৬ উইকেটে ১৮৫ রানের বেশি যেতে পারেনি উইন্ডিজরা। সিমন্স ৪৮ বলে ৭২, এভিন লুইস ৩১, পুরান ১৬, ফ্যাবিয়ান অ্যালেন ২৯, রাসেল অপরাজিত ২৪ রান করেন। মিচেল মার্শ ৩টি, জাম্পা ২টি করে উইকেট পান। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচ-সেরা হন মিচেল মার্শ।