‘অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে দক্ষতার ব্যাপ্তি বাড়াতে হবে’

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, দ্বিতীয় বারের মতো কোভিড-১৯ মহামারির মধ্যেই অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব যুব দক্ষতা দিবস। মহামারি-পরবর্তী সময়ে পেশার পরিবর্তন ও বিপুলসংখ্যক কর্মহীন মানুষের জন্য দক্ষতা প্রশিক্ষণ প্রদান ও কর্মের সুযোগ সৃষ্টির বিষয়টি সামনের দিনগুলোতে চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে। সে পরিপ্রেক্ষিতে চাহিদার পাশাপাশি জোগানভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানে বিশেষ গুরুত্ব দেওয়ার পাশাপাশি দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে                বিশ্বে দক্ষতা প্রশিক্ষণের ব্যাপ্তি, ভিন্নতা ও ক্ষেত্র চিহ্নিত করে যুবদের দক্ষতা      বাড়াতে হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) আয়োজিত যুব দক্ষতা দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে এনএসডিএ গতকাল এক ভার্চুয়াল আলোচনাসভার আয়োজন করে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

স্বাগত বক্তব্য দেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) দুলাল কৃষ্ণ সাহা। এ সময় আরো যুক্ত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের সচিবসহ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিল্প দক্ষতা পরিষদের প্রতিনিধি ও উন্নয়ন সহযোগীদের প্রতিনিধিবৃন্দ।