ইন্টারনেটের উচ্চমূল্য ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম অন্তরায়। প্রযুক্তির সেবা সবার জন্য উন্মুক্ত করা হলেও সবাই কি সব সুবিধা ভোগ করতে পারছেন? একটি বিশাল জনগোষ্ঠী যারা কোনোভাবে খেয়ে পরে বেঁচে থাকে, তাদের পক্ষে উচ্চমূল্য দিয়ে ইন্টারনেট কিনে তা ব্যবহার করা সম্ভব নয়। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ডট কো ডট ইউকে-এর তথ্য মতে, বাংলাদেশে ৩০ দিন মেয়াদি ১ গিগাবাইট ইন্টারনেট ডেটার মূল্য গড়ে সাড়ে ৫৯ টাকা। যেখানে প্রতিবেশী দেশ ভারতে এ সেবার গড়মূল্য মাত্র ৭ টাকা ৬৫ পয়সা! তদুপরি বাংলাদেশে ইন্টারনেটের গতির অবস্থা খুব খারাপ। ইন্টারনেটের উচ্চমূল্য বিদ্যমান থাকলে একটি বিশাল জনগোষ্ঠীকে ইন্টারনেটের সুবিধার বাইরে থাকতে হবে। যাদের বাদ দিয়ে ডিজিটাল বাংলাদেশ কল্পনা করা অসম্ভব। সবার জন্য ইন্টারনেট সুবিধা নিশ্চিত করতে অবিলম্বে ইন্টারনেটের মূল্য কমানো হোক। এ ব্যাপারে সরকারের সুদৃষ্টি কামনা করছি।
আ. রহমান দেওয়ান, রামগঞ্জ, লক্ষ্মীপুর