সাবেক ছাত্রলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী মুশতাক (৭১) আর নেই। বুধবার দিবাগত রাত পৌনে ১টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। রেজাউল হক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল বৃহস্পতিবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
রেজাউল হক চৌধুরী ১৯৬৭-৬৮ সালে তত্কালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগ, ঢাকা কলেজ শাখার সাধারণ সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী, ড. হাছান মাহমুদও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তথ্যমন্ত্রী মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বলেন, দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলন এবং রাজনীতি বিশ্লেষণের ক্ষেত্রে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে আজীবন ধারণকারী রেজাউল হক চৌধুরী চিরভাস্বর হয়ে থাকবেন।
জি এম কাদেরের শোক : রেজাউল হক চৌধুরী জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর ভগ্নিপতি। জাপা চেয়ারম্যান জি এম কাদের তার মৃত্যুতে গভীর শোক জানান। এক শোকবার্তায় জি এম কাদের বলেন, রেজাউল হক চৌধুরী একাত্তরের রণাঙ্গনে দেশমাতৃকার জন্য অসীম সাহসিকতায় যুদ্ধ করেছেন। রেজাউল হক চৌধুরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জিয়াউদ্দিন বাবলু।
জাসদের শোক : জাসদের সাবেক নেতা রেজাউল হক চৌধুরীর মৃত্যুতে শোক জানিয়েছেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার।