মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মতিয়র রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী আজ

আজ ১৬ জুলাই মহান মুক্তিযুদ্ধের  অন্যতম  সংগঠক অ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদারের ১৩তম মৃত্যুবার্ষিকী। ২০০৮ সালের আজকের দিনে তিনি প্রয়াত হন। ১৯৩৪ সালের ১ নভেম্বর ব্রিটিশ ভারতের পূর্ববঙ্গ প্রদেশের ময়মনসিংহ জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তিনি জন্মগ্রহণ করেন।  শৈশব থেকেই অত্যন্ত মেধাবী ছিলেন তিনি। কলেজ জীবনে তিনি ১৯৫৬ সাল  থেকে ১৯৫৯ সাল পর্যন্ত সরকারি আশেক মাহমুদ কলেজের ছাত্র সংসদের  ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৫৯ সালে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তিনি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে  পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হয়ে পড়েন। বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে ১৯৬৯ সালে দেশব্যাপী গণ-আন্দোলন ছড়িয়ে পড়লে জামালপুরের সাধারণ মানুষও সে আন্দোলনে জড়িয়ে পড়ে। এ সময় তিনি বঙ্গবন্ধুর মুক্তি আন্দোলনে নেতৃত্ব দেন এবং ‘সর্বদলীয় সংগ্রাম পরিষদের’ আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরে বঙ্গবন্ধুর অসহযোগ আন্দোলনের ডাকে সাড়া দিয়ে মতিয়র রহমান জামালপুরে সাধারণ জনগণকে সংগঠিত করে  মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুতি নিতে থাকেন। বঙ্গবন্ধুর  ডাকে উজ্জীবিত হয়ে তিনি জামালপুরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে মুক্তিযোদ্ধাদের সংগঠিত করেন। মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের সদর দপ্তর (কামালপুর) মহেন্দ্রগঞ্জে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে বিচারকের  (ম্যাজিসস্ট্রেসি) দায়িত্ব পালন করেন তিনি।  ১৯৭৭ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দীর্ঘ সময় জামালপুর জেলা  আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি।  —প্রেস বিজ্ঞপ্তি