রাজশাহীর পুঠিয়া উপজেলার ধোপাপাড়া পূর্বপাড়া (কারিগরপাড়া) এলাকার একটি পাট ও ভুট্টাখেতের মাঝ থেকে নারীর গলা ও হাতের রগ কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ১০টার দিকে কারিগরপাড়া কমিউনিটি ক্লিনিকের পেছনে জমি থেকে পুলিশ ঐ নারীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পুলিশের ধারণা, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
পুলিশ জানায়, নিহত নারী আতিকা খাতুন (৪৮) কারিগরপাড়ার মৃত আতাহার আলীর স্ত্রী। আতিকা চার সন্তানের জননী। তার দুই ছেলে ও দুই মেয়ে। তাদের নিয়ে স্বামীর বাড়িতে বসবাস করতেন আতিকা খাতুন।
স্থানীয়রা জানায়, বিকেলে ছাগল নিয়ে মাঠে গিয়ে আর ফিরে আসেননি আতিকা। তবে সন্ধ্যার আগে তার নিয়ে যাওয়া ছাগলগুলো বাড়ি চলে আসে। আতিকা খাতুন বাড়ি না ফেরায় পরিবারের লোকজন মাঠে গিয়ে তাকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তার রক্তাক্ত লাশ পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন থানায় খবর দেয়।
পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, লাশের গলা কাটা ছাড়াও তার বাম হাতের কবজির রগ কাটা রয়েছে। এছাড়া তার মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে বলে মনে করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।