দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

দেশে এক দিনে শনাক্ত রোগীর সংখ্যা আগের দিনের চেয়ে সামান্য কমলেও টানা পঞ্চম দিনের মত দৈনিক দুইশর বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। গতকাল মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২ হাজার ২৩৬ জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে আরও ২২৬ জনের। মৃত্যুর এই সংখ্যা এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ১৪ জুলাই মৃত্যুর সংখ্যা ছিল ২১০ জন, ১৩ জুলাই ২০৩ জন, ১২ জুলাই ২২০ জন, ১১ জুলাই সর্বোচ্চ ২৩০ জনের মৃত্যু হয়। এ নিয়ে টানা পাঁচ দিন করোনা ভাইরাসে দুই শতাধিক মানুষের মৃত্যু হলো। একদিনে মৃত্যু ও শনাক্ত দুটোইতে সর্বোচ্চ ঢাকা বিভাগে।

নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা পৌঁছেছে ১০ লাখ ৭১ হাজার ৭৭৪ জনে। তাদের মধ্যে ১৭ হাজার ২৭৮ জনের প্রাণ গেছে করোনা ভাইরাসে। ভাইরাসের বিস্তার ঠেকাতে কঠোর লকডাউনের মধ্যে গত ১২ জুলাই দেশে প্রথম বারের মতো এক দিনে ১৩ হাজারের বেশি নতুন রোগী ধরা পড়ে। সেদিন থেকে টানা চার দিন ধরে শনাক্ত রোগীর সংখ্যা ১২ হাজারের বেশি থাকছে। গত এক দিনে  কেবল ঢাকা বিভাগেই ৫২৩৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে, যা দিনের মোট শনাক্তের ৪২ শতাংশের বেশি। চট্টগ্রাম বিভাগে রোগী শনাক্ত ২০৪৭ জন। এছাড়া ময়মনসিংহ বিভাগে ৪৯৮ জন, রাজশাহী বিভাগে ১ হাজার ২৬৯ জন, রংপুর বিভাগে ৫১১ জন, খুলনা বিভাগে ১ হাজার ৬৩৯ জন, বরিশাল বিভাগে ৫০০ জন ও সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন ৫৩৮ জন। আর যে ২২৬ জন গত এক দিনে মারা গেছেন, এর মধ্যে সর্বোচ্চ ৭৪ জনই ছিলেন ঢাকা বিভাগের বাসিন্দা। খুলনা বিভাগে ৫২ এবং চট্টগ্রাম বিভাগে ৪২ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী বিভাগে ২৪ জন, বরিশাল বিভাগে ছয় জন, সিলেট বিভাগে পাঁচ জন, রংপুর বিভাগে ১৩ জন ও ময়মনসিংহ বিভাগে  ১০ জন মারা গেছেন। সরকারি হিসাবে গত এক দিনে আরো ৮ হাজার ৩৯৫ জন সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৯ লাখ ৫ হাজার ৮০৭ জন।