রাজশাহীতে টিসিবির পণ্য কালোবাজারে বিক্রি ডিলারসহ গ্রেফতার ৩

রাজশাহীতে টিসিবির তেল, চিনি ও ডাল কালোবাজারে বিক্রির সাথে জড়িত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে নগরীর মাস্টারপাড়া কাঁচাবাজারের গুদাম থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ১ হাজার ২০০ লিটার সয়াবিন তেল, ১৭৫ কেজি চিনি ও ৪০ কেজি মসুর ডাল জব্দ করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন: টিসিবির ডিলার রেজাউল করিম, তার সহযোগী জালাল হোসেন ও সাগর শেখ।

গতকাল বৃহস্পতিবার দুপুরে মহানগর পুলিশের সদর দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে এরা টিসিবি পণ্য গরিব, অসহায় জনগণের মধ্যে বিক্রি না করে কালোবাজারে বিক্রি করে আসছিল। গ্রেফতার তিন জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নগরীর বোয়ালিয়া মডেল থানায় মামলা হয়েছে। আসামিদের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান পুলিশ কমিশনার।