ডিএসসিসির ৬৭৩১ কোটি টাকার বাজেট ঘোষণা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ হাজার ৭৩১ কোটি ৫২ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ৬ হাজার ৪৯ কোটি ৮০ লাখ টাকার সংশোধিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার ডিএসসিসির দ্বিতীয় পরিষদের অষ্টম করপোরেশন এই বাজেট পাশ ও অনুমোদন দেওয়া হয়। ডিএসসিসি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ছাড়াও সভায় প্রথমবারের মতো এক জন কর্মকর্তাকে শুদ্ধাচার পুরস্কার ও  এক জন কাউন্সিলরকে শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে পুরস্কৃত করা হয়। করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হককে শুদ্ধাচার পুরস্কার ও ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো. মোকাদ্দেস হোসেন জাহিদকে শ্রেষ্ঠ কাউন্সিলর হিসেবে পুরস্কার দেওয়া হয়। ২০২১-২২ অর্থবছরের বাজেট প্রসঙ্গে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, এই বাজেট করপোরেশনের ইতিহাসে সর্বোচ্চ বাজেট। প্রতি বছরই আমরা আরো বড় পরিসরে ঢাকাবাসীর কল্যাণে কাজ করতে চাই। সেজন্য ক্রমাগত আমাদের রাজস্ব আহরণের সক্ষমতা বাড়াতে হবে। দক্ষিণ সিটির সচিব আকরামুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ স্বাগত বক্তব্য রাখেন।