গাজীপুরে বকেয়া বেতন, ওভারটাইম, ঈদ বোনাসসহ কর্মস্থলে নিরাপত্তার দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে স্টাইল ক্র্যাফটের শ্রমিক ও কর্মকর্তারা। একই দাবি নিয়ে গত তিন দিন ধরে সড়ক অবরোধ ও বিক্ষোভ করে আসছে। শ্রমিক-কর্মচারীদের অভিযোগ, প্রায় প্রতি মাসেই আন্দোলন করে তাদের বেতন আদায় করতে হয়।
পুলিশ, কারখানার শ্রমিক ও কর্মকর্তারা জানান, ঐ কারখানায় প্রায় ৪ হাজার শ্রমিক ও প্রায় ৭০০ স্টাফ রয়েছে। চলতি মাসের অর্ধেক পার হয়ে গেলেও গত জুন মাসের বেতন এবং ঈদ বোনাস এখন পর্যন্ত পরিশোধ করা হয়নি। গত কয়েক দিন ধরে কারখানার স্টাফরা বিক্ষোভ করছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে স্টাফদের সঙ্গে কারখানার শ্রমিকরা একাত্মতা প্রকাশ করে। পরে তারাও বকেয়া বেতন এবং ঈদ বোনাসের দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে। এরপরও কারখানা কর্তৃপক্ষ কোনো সাড়া না দেওয়ায় এক পর্যায়ে শ্রমিকরা উত্তেজিত হয়ে জয়দেবপুর-ঢাকা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে দুই দিকেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও মহানগর পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে ব্যর্থ হয়। বৃহস্পতিবার বিকাল ৫টা পর্যন্ত শ্রমিক-কর্মচারীরা সড়ক অবরোধ করে রাখে।
গাজীপুর মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার জাকির হাসান বলেন, কারখানার মালিকের সঙ্গে কথা বলে শ্রমিকদের বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর বলেন, শ্রমিকরা বকেয়া বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেছি।