কোরবানির হাটে সচেতনতা প্রয়োজন

দেশে ঈদুল আজহা সামনে রেখে এক সপ্তাহের জন্য শিথিল করা হয়েছে লকডাউন। লকডাউন শিথিল করা হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। এছাড়া ভিড় এড়াতে অনলাইনে গরু বেচাকেনা করার প্রতি উত্সাহিত করা হচ্ছে। তবুও অনেক স্থানে গরুর হাট বসানো হচ্ছে। এসব গরুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া থাকলেও অনেকেই তা মেনে চলছেন না। গরুর হাটগুলোয় দেখা যাচ্ছে প্রচুর ভিড়। অন্যদিকে গণপরিবহনগুলোকে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে পুনরায় চলাচলের অনুমতি দেওয়া হলেও সেখানে প্রবল ভিড় দেখা যাচ্ছে এবং সেই সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে চলতে দেখা যাচ্ছে না। ঘরমুখী মানুষ স্বাস্থ্যবিধি তোয়াক্কা না করেই ছুটে চলেছেন নিজের গন্তব্যে। আসুন আমরা সবাই সচেতন হই, স্বাস্থ্যবিধি মেনে চলি এবং জনসমাগম এড়িয়ে চলি।

মো. আজিজুল হাকিম রাকিব

পাইকগাছা, খুলনা