ঢাকায় যাচ্ছে গঙ্গাচড়ার কাঁঠাল!

গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা

গঙ্গাচড়ার কাঁঠাল এখন ঢাকায় যাচ্ছে। গঙ্গাচড়া সদর ইউনিয়নের আদর্শপাড়া এলাকার চাষি সুরুজ বলেন, তার ৪০টি কাঁঠাল গাছ আছে। ফলন ভালোই হয়েছে এ বছর। স্থানীয় পাইকাররা চাষির বাড়ি থেকে কাঁঠাল কিনে এক জায়গায় সংগ্রহ করে পরে ট্রাকে করে ঢাকায় নিয়ে যায় বলে জানান তিনি। গঙ্গাচড়ার ধামুর এলাকার ব্যবসায়ী আব্দুর রহমান জানান, তিনি ১৫ বছর যাবত্ ঢাকায় কাঁঠাল পাঠান। এ পর্যন্ত তিনি পাঁচ ট্রাক কাঁঠাল ঢাকায় পাঠিয়েছেন। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, ঢাকায় কাঁঠালের চাহিদা থাকায় ব্যবসায়ীরা মুনাফাও করছে। প্রতি বছরই ব্যবসায়ীরা ঢাকায় কাঁঠাল পাঠান।