আসাদ গাজী, ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা
শরীয়তপুরের ভেদরগঞ্জের জয়গাঁও খালের ওপর নির্মিত সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ার আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। সময় বাঁচাতে মানুষ জীবনের ঝুঁকি নিয়েই ব্রিজ দিয়ে চলাচল করছেন।
বৃহস্পতিবার উপজেলার জয়গাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সেনের বাড়ি এলাকায় অবস্থিত সেতু এলাকায় উপস্থিত হয়ে দেখা যায়, এটির মাঝখানে পাথর, বালু সিমেন্টের ঢালাই সম্পূর্ণ উঠে গিয়ে লোহার রড বেরিয়ে গেছে। স্থানীয়রা জানান, জয়গাঁও, মহিষার, পৌরসভা, সখিপুরসহ ছয়টি ইউনিয়নের মানুষের উপজেলা সদর ও রাজধানী ঢাকায় যাতায়াতের জন্য সেতুটি অতি গুরুত্বপূর্ণ। গত কয়েক মাস ধরে সেতুটির এমন দশা হয়েছে। কিন্তু সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না।
জানা গেছে, স্থানীয় সরকার অধিদপ্তর ১৯৯০ সালে উপজেলার জয়গাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সেনের বাড়ি এলাকার খালের ওপর এ সেতুটি নির্মাণ করে। সংস্কারের অভাবে এটি ধীরে ধীরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্কুল ও কলেজপড়ুয়া ছাত্রছাত্রীসহ পথচারীরা চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন। সেতুর মধ্যে গর্ত হয়ে যাওয়ায় জরুরি রোগী পরিবহন কঠিন হয়ে পড়েছে। এ বিষয়ে জয়গাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার রুহুল আমিন ওঝা বলেন, সেতুটি সংস্কার অথবা নতুন করে নির্মাণের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছি।
স্থানীয় সরকার উপজেলা প্রকৌশল অধিদফতরের প্রকৌশলী মো. আকতার হোসেন জানান, ব্রিজটি নির্মাণ হয়েছে প্রায় ৩০ বছর। এখন ব্রিজটির মাঝখানে ভেঙে গর্তের সৃষ্টি হয়েছে। গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সেতুটির পুনর্নির্মাণের জন্য মন্ত্রণালয়ে আবেদন দিয়েছি। অনুমোদন হয়ে গেলেই আমরা নতুন সেতুর কাজ শুরু করব। এখন সেতুটি ঝুঁকিপূর্ণ, তাই জরুরিভাবে গর্তটি সংস্কার করার ব্যবস্থা করা হবে।