কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত

ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাসমূহ অনলাইনে গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার অনলাইনে একাডেমিক কাউন্সিলের ৩৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের অতিরিক্তি পরিচালক (ওপিএসটুবিসি) এস এম হাফিজুর রহমান। তিনি জানান, সভায় অনলাইনে পরীক্ষা গ্রহণ, ডিজিটাল লাইব্রেরি ব্যবহার, অনলাইন পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে উদ্ভূত সমস্যাদি চিহ্নিতকরণ এবং লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমসহ সহজ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার বিষয়ে রূপরেখা প্রণয়নের জন্য কলা অনুষদীয় ডিনকে সভাপতি ও রেজিস্ট্রারকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের রিপোর্টের আলোকে দ্রুততম সময়ের মধ্যে অনলাইনে পরীক্ষা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. হুমায়ুন কবীরের সঞ্চালনায় এ সভায় বিশ্ববিদ্যালয়ের বহিস্থ ও অভ্যন্তরীণ সদস্য, বিভিন্ন অনুষদীয় ডিন, বিভাগীয় প্রধানসহ প্রক্টর, শিক্ষক, কর্মকর্তা অনলাইনে সংযুক্ত ছিলেন।