মিয়ানমারকে অবশ্যই রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে: অ্যাঞ্জেলিনা জোলি

কক্সবাজারে দ্বিতীয় বার সফররত হলিউড অভিনেত্রী ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক ইউএনআইচসিআরের বিশেষ দূত আ্যাঞ্জেলিনা জেলি বলেছেন, রোহিঙ্গারা শুধু নির্যাতিত নয়, তারা দেশহীন। তাদের উপর মিয়ানমার সামরিক জান্তা যে গণহত্যা, ধর্ষণ চালিয়েছে তা বিশ্বে নজিরবিহীন। রোহিঙ্গাদের অবশ্যই নাগরিকত্ব দিয়ে নিজ দেশ মিয়ানমারে ফিরিয়ে নিতে হবে। 

উখিয়ার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে গণমাধ্যম কর্মীদের প্রেস ব্রিফিংকালে জোলি বলেন, মিয়ানমার সরকার রাখাইনে নির্যাতিত রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার পরিবেশ সৃষ্টি করেন নি। যে কারণে এখানে অবস্থানরত রোহিঙ্গাদের প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও তারা নিজ মাতৃভূমিতে ফিরে যেতে অনীহা প্রকাশ করছে। 

আরো পড়ুন: পুত্রবধূকে বিয়ে করতে গিয়ে শ্বশুর কারাগারে

প্রেস ব্রিফিংয়ের শুরুতে তিনি উখিয়ার টেকনাফে অবস্থানরত বিভিন্ন শরণার্থী ক্যাম্প ঘুরে দেখার দুই দিনের অভিজ্ঞতার বর্ণনা দেন। এসময় তিনি আরো বলেন, দুটি উপজেলায় প্রায় সবকয়টি ক্যাম্প ঘুরে দেখেছি। নির্যাতিত রোহিঙ্গা নারী শিশুদের সঙ্গে কথা বলেছি। তাদের উপর নৃশংসতার কাহিনী শুনে আমি নিজেই ভেঙ্গে পড়েছি।   

হলিউড অভিনেত্রী প্রেস ব্রিফিংয়ে আরো বলেন, মিয়ানমারের রাখাইনে নির্যাতনের শিকার রোহিঙ্গাদের আশ্রয়দানের মাধ্যমে বাংলাদেশে সরকার মানবিকতার পরিচয় দিয়েছে। বিশ্ববাসীর উচিত নির্যাতিত এইসব লোকদের নিজদেশে ফেরাতে বাংলাদেশের পাশে দাঁড়ানো।

ইত্তেফাক/অনি