কালকিনি (মাদারীপুর) সংবাদদাতা
কালকিনিতে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ৯ বালুদস্যুকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার গভীর রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময় চারটি ড্রেজার জব্দ করে অকেজো করে দেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে ও কালকিনি থানাপুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ৯ বালুদস্যুকে আটক করা হয়। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, আটককৃতরা বেশকিছু দিন ধরে গোপনে অবৈধভাবে গভীর রাতে নদীতে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিল। তাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে কারাদণ্ড দেওয়া হয়েছে।