দেলদুয়ারে মানসিক ভারসাম্যহীন যুবকের দায়ের কোপে নিহত ১

দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা

দেলদুয়ারে মোন্তাজ ব্যাপারী (৩০) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবকের দায়ের কোপে শরীফ মিয়া (৩৫) নামে এক জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার মুশুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দিনে দা নিয়ে সে বিভিন্ন লোকজনকে ধাওয়া করে। রাতেও কয়েক জনকে ধাওয়া করে। এ সময় বাকিরা পালিয়ে যেতে পারলেও শরীফ পালাতে পারেনি। মোন্তাজ তাকে এলোপাতাড়ি কোপালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় তাকে আহত অবস্থায় আটক করে। এ ব্যাপারে দেলদুয়ার থানার ওসি আনিসুর রহমান বলেন, প্রাথমিক তথ্যে আমরা জানতে পেরেছি মোন্তাজ মানসিক ভারসাম্যহীন। তাকে আটকের সময় তার দায়ের কোপে থানার দুই জন পুলিশ কনস্টেবল আহত হয়েছে। তাদের দেলদুয়ার হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।