সীতাকুণ্ডে গরুবাহী ট্রাকচালককে হত্যা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা

সীতাকুণ্ডে কোরবানির গরুবাহী একটি ট্রাকের চালককে গুলি করে হত্যা করেছে ডাকাত দল। শুক্রবার ভোরে ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডের ৪ নম্বর সেতুর সামনে এ ঘটনা ঘটে। নিহত চালকের নাম আব্দুর রহমান (৪৫)। সে যশোর জেলার চৌগাছা থানার চন্দা গ্রামের বাসিন্দা। পুলিশ লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে। জানা যায়, মাগুরা থেকে ১৩টি কোরবানির গরু নিয়ে ট্রাকটি চট্টগ্রামের বিবির হাটের উদ্দেশ্যে রওনা দেয়। শুক্রবার ভোরে ট্রাকটি ফৌজদারহাট-বায়েজিদ লিংক রোডের ৪ নম্বর সেতু পার হওয়ার সময় একটি পিকআপে করে আসা সাত/আট জনের একটি ডাকাত দল গরুবাহী ট্রাকটির গতিরোধ করে। ডাকাত দল গরুগুলো ছিনতাইয়ের উদ্দেশ্য ট্রাক থেকে নামানোর চেষ্টা করলে চালক আব্দুর রহমান বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা তার মাথায় গুলি করে পালিয়ে যায়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। বিষয়টি নিশ্চিত করে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম বলেন, ডাকাতদের আটকের চেষ্টা চলছে।