হানিফ সংকেত-এর ঈদের নাটক ‘যুগের হুজুগে’

 বিনোদন রিপোর্ট

 

প্রতিবারের মতো এবারো ঈদের নাটক নির্মাণ করেছেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত। প্রতিবছর দুই ঈদে দুটি নাটক নির্মাণ করেন তিনি। বরাবরের মতো এবারো তিনি নির্মাণ করেছেন পারিবারিক গল্পে সামাজিক বক্তব্য নির্ভর নাটক। নাটকের ছন্দময় নাম ‘যুগের হুজুগে’। হানিফ সংকেতের নাটক দেখার জন্য দর্শকদের বাড়তি আকর্ষণ থাকে। কারণ এ সময়ের নায়ক-নায়িকা নির্ভর নাটকের ভিড়ে হানিফ সংকেতের নাটক পরিবার কেন্দ্রিক হয় বলে সব শ্রেণি-পেশার দর্শকের কাছে গ্রহণযোগ্য হয়। একটি পরিবারের বাবা-মা, ছেলে-ছেলের বউ ও তাদের সন্তানকে নিয়ে গড়ে উঠেছে নাটকের গল্প।

আজকাল প্রযুক্তির অপব্যবহারের প্রভাবে পরিবারিক দ্বন্দ্ব, বাবা-মায়ের সঙ্গে সন্তানদের সম্পর্ক, পরিবারের সদস্যদের মধ্যে আবেগ-অনুভূতি-সম্মানবোধের অভাব লক্ষ্য করা যায়। বিশেষ করে মোবাইল ফোনে পাওয়া বিভিন্ন সুবিধার সার্বক্ষণিক ব্যবহারে পরিবারের সদস্যদের মধ্যে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে নির্মাণ করা হয়েছে এবারের নাটক। নাটকটি ধারণ করা হয়েছে ঢাকার ফাগুন অডিও ভিশনের নিজেস্ব শুটিংস্পটে। নাটকটির চিত্রগ্রহণ করেছেন খ্যাতিমান চিত্রগ্রাহক আনোয়ার হোসেন বুলু।

নাটকটি প্রসঙ্গে হানিফ সংকেত বলেন, ‘আমি নিয়মিত নাটক নির্মাণ করি না। বছরে দুটি নাটক নির্মাণ করি। তাই এমনভাবে নাটক নির্মাণের চেষ্টা করি, যাতে পরিবারের সবাই মিলে দেখতে পারেন। নাটকের গল্পের মাধ্যমেও সমাজের ক্ষতগুলোকে তুলে ধরতে চেষ্টা করি।’ তিনি আরো বলেন, ‘প্রযুক্তির যেমন সু-যুক্তি আছে, তেমনি কু-যুক্তিও রয়েছে। অর্থাত্ কেউ বা নাচে যুগের তালে, কেউ বা হুজুগেই নাচে, প্রযুক্তিকে কু-যুক্তিতে, ব্যবহারেও লোক আছে। প্রযুক্তির প্রভাবে সম্পর্কের কী অবনতি ঘটে সেসব বিষয়ই নাটকটিতে তুলে ধরার চেষ্টা করেছি।’

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, দিলারা জামান, মীর সাব্বির, সারিকা সাবরিন, সুভাশিষ ভৌমিক, শামীম, সিমরিন লুবাবা, নজরুল ইসলাম, বিনয় ভদ্রসহ অনেকে। নাটকটির সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন এপি শুভ। হানিফ সংকেতের রচনা ও পরিচালনায় নাটকটি প্রচারিত হবে ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে এটিএন বাংলায়।