রিফাত আদনান পাপন রচনা ও আর এন রুম্পার পরিচালনায় নাটক ‘চিটার দম্পতি’ দেশ টিভিতে প্রচারিত হবে ঈদের ৭ম দিন সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। নাটকটিতে অভিনয় করেছেন শামীম হাসান সরকার, টয়া প্রমুখ। নাটকটির গল্পে দেখা যাবে, প্রতারণা মামলায় ধরা পড়েছে সোহেল ও রাজু নামে দুই প্রতারক। পুলিশি জিজ্ঞাসাবাদে বেড়িয়ে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য, যার নেপথ্যে রয়েছে একটা দম্পত্তি। যদিও গল্পের শুরু তাদের দম্পত্তি হওয়ার আগে থেকে। সাজ্জাদ ও সাদিয়া বেশ ভালো বন্ধু। প্রেম নয়, তবে ওদের বোঝাপড়া অনেক ভালো। পড়াশোনা শেষে দু’জন এই শহরেই থাকে। উদ্দেশ্য একটা ভালো চাকরি, যা তাদের কপালে জুটছে না। ইন্টারভিউ দিতে দিতে ক্লান্ত তারা। যেখানেই যায় ঘুষের অফার আর সাদিয়ার ক্ষেত্রে ঘুষের সঙ্গে আরো প্যাকেজ অফার ফ্রি। অবেশেষে তারা চিন্তা করে বাড়ি থেকে চাকরির জন্য টাকা আনবে ঠিকই, কিন্তু সেটা দিয়ে চাকরি না, ব্যবসা করবে। প্রথমে ইচ্ছা সত্ থাকলেও পারিপার্শ্বিক নানা কারণে তা কীভাবে করে যেন অসত্ পথে চলে যায় সাদিয়ার বুদ্ধিতে। শুরু হয় টোকাই মারফত মিনারেল পানির বোতলে নরমাল পানির ব্যবসা দিয়ে। কিন্তু ধরা খাওয়াতে দ্রুত তারা কামুক, ধনীর দুলালদের পটিয়ে টাকা আদায়ের নানা ফন্দি আঁটে। আর এ কাজে তাদের সঙ্গে যুক্ত হতে থাকে রাজু, সোহেলসহ অনেকেই। এর মাঝে সাজ্জাদ-সাদিয়ার প্রেম ও বিয়ে হয়ে যায়। তারা আরো একাত্ম হয়ে ওঠে। এভাবে নানাভাবে তাদের প্রতারণা ব্যবসা বেশ রমরমাই চলতে থাকে। সঙ্গে বাড়তে থাকে তাদের লোভ। পরবর্তীতে তারা বিদেশে মানবপাচারের নামে নানা নাটক সাজিয়ে বড় অঙ্কের টাকা হাতিয়ে নেয়। আর এই অপারেশনেই আচমকা ধরা পড়ে রাজু-সোহেল। কিন্তু সেই চিটার দম্পত্তি এখনো নাগালের বাইরে। কী হবে? তারাও কী ধরা পড়বে, না শুরু করবে নতুন কোনো অধ্যায়?