বিনোদন রিপোর্ট
অভি মঈনুদ্দীনের কথা ও সুরে নতুন একটি মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের জনপ্রিয় দুই সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা ও প্রতীক হাসান। সম্প্রতি ‘আদরে আদরে’ শিরোনামের এই গানটির রেকর্ডিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। গানটির সংগীত পরিচালনা করেছেন ইউসুফ আহমেদ খান এবং সংগীতায়োজন করেছে সাউন্ড হ্যাকার। আগামী ঈদের পর গানটি মিউজিক ভিডিও আকারে ইউটিউব চ্যানেল ‘মেঘ’-এ প্রকাশ পাবে। প্রতীক হাসান বলেন, ‘পরিচয়ের শুরু থেকেই সাংবাদিক অভি মঈনুদ্দীনকে আমি কাকা বলেই ডাকি। তিনি যে এত চমত্কার গান লিখতে ও সুর করতে পারেন এটা আমার জানা ছিল না। গানটির কথা এবং সুর আমার কাছে এক কথায় মন ছুঁয়ে গেছে। কনা আপা নিঃসন্দেহে একজন গুণী শিল্পী। তার সঙ্গে এই গানটি শ্রোতা-দর্শকের জন্য নতুন চমকই আমি বলবো।’ অভি মঈনুদ্দীন বলেন, ‘চ্যানেল মেঘ থেকে যেদিনই আমাকে একটি গান করার জন্য বলা হলো, মাত্র ১ মিনিটের মাথায় এই গানটির কথা ও সুর মাথায় আসে। তারপর ইউসুফের সঙ্গে আলোচনা করে কনা ও প্রতীক হাসানকে চূড়ান্ত করি। আমার লেখা ও সুরে এত সুন্দর একটি গান হচ্ছে, ভাবতেই ভীষণ ভালো লাগছে।’