‘ইতিহাসের সাক্ষী হতে চলেছি’

 বিনোদন ডেস্ক

 

একের পর এক চমক লাগানো খবরে শিরোনামে আসছে রাজমৌলি পরিচালিত আলিয়া ভাটের ‘আরআরআর’ সিনেমাটি। বহুল প্রতীক্ষিত বিগ বাজেটের এই সিনেমাটি আগামী ১৩ অক্টোবর মুক্তির কথা রয়েছে। তবে এর আগেই সিনেমাটি ঘিরে নতুন আলোচনায় মুখর বলিপাড়া থেকে নেটদুনিয়া। মুক্তির আগেই বলিউড ইতিহাসে রেকর্ড গড়তে যাচ্ছে সিনেমাটি। সম্প্রতি নির্মাতা জানিয়েছেন, ৩ কোটি টাকায় আলিয়া ভাট-রাম চরণের সঙ্গে ১ হাজার ড্যান্সার নিয়ে একটি গানের শুটিং করতে যাচ্ছেন তিনি। এতসংখ্যক ব্যাক ড্যান্সার নিয়ে এর আগে কোনো সিনেমার গান করা হয়নি বলেও জানিয়েছেন রাজমৌলি। আগামীকাল হায়দ্রাবাদের একটি স্টুডিওতে এই গানটির দৃশ্যধারণ শুরু হবে। খবরটি ছড়িয়ে পড়তেই সিনেমাটির প্রতি দর্শক আগ্রহ যেমন বেড়েছে তেমনি সংশয় প্রকাশ করছেন অনেকে। কারণ করোনা এই সময়ে এত শিল্পী নিয়ে কাজ কতটা যুক্তিযুক্ত হবে সেই প্রশ্ন করছেন অনেকে। তবে জানা গেছে, গানের দৃশ্যধারণের আগে নিরাপত্তার বিষয়টি জোরদার করা হয়েছে। প্রত্যেক ব্যাক ড্যান্সারকে বাধ্যতামূলক আইসোলেশনে থাকতে হয়েছে। সবাই বায়োবাবলের ভেতরে রয়েছেন। এমনকি কাজ শেষ হওয়ার আগ অবধি বাইরের কারো সঙ্গে তাদের যোগাযোগ করতে দেওয়া হবে না। এছাড়া শুটিং শুরুর আগে প্রত্যেকের করোনা পরীক্ষাও করানো হবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্টরা। এ নিয়ে আলিয়া বলেন, ‘সবকিছুর আগে সকলের নিরাপত্তা। এরইমধ্যে নিরাপত্তার স্বার্থে সকল ব্যবস্থা নির্মাতা করেছেন। আশা করছি, কোনো সমস্যা হবে না। তাছাড়া নিরাপদ দূরত্ব মেনেই শুটিং করা হবে। রেকর্ডসংখ্যক শিল্পী নিয়ে কাজটি হচ্ছে। ইতিহাসের সাক্ষী হতে চলেছি।’ উল্লেখ্য, একটানা ৭ দিন বিগ বাজেটের এই গানটির দৃশ্যধারণ করা হবে। পাশাপাশি বিভিন্ন ভাষায় গানটির প্রমো পর্যায়ক্রমে প্রকাশ করবেন নির্মাতা।