বাংলাদেশের সহজ প্রতিপক্ষ একই গ্রুপে ভারত-পাকিস্তান

 টি-২০ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে আগেই ভেন্যু পরিবর্তন করা হয়েছিল। আয়োজক স্বত্ব হাতে থাকলেও ভারতে নয়, চলতি বছর আইসিসি টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। আগামী ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চারটি ভেন্যুতে। গতকাল টুর্নামেন্টের প্রথম রাউন্ড ও সুপার-টুয়েলভ পর্বের গ্রুপগুলো ঘোষণা করেছে আইসিসি। অচিরেই টুর্নামেন্টের সময়সূচি ঘোষণা করা হবে।

প্রথম রাউন্ডের দুই গ্রুপের শীর্ষ চারটি দল উঠবে সুপার টুয়েলভ তথা বিশ্বকাপের মূল পর্বে। প্রথম রাউন্ডে বেশ সহজ গ্রুপেই জায়গা হয়েছে বাংলাদেশের। ‘বি’ গ্রুপে টাইগারদের প্রতিপক্ষ আইসিসি সহযোগী তিনটি দেশ। স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, ওমানের বিরুদ্ধে অন্তত দুটি ম্যাচ জিতলেই সুপার টুয়েলভ পর্বে উন্নীত হবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ‘এ’ গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নামিবিয়া।

সুপার টুয়েলভ পর্বে এখন আটটি দল রয়েছে। ক্রিকেট রোমান্টিকদের সুখবর এ পর্বে একই গ্রুপে আছে উপমহাদেশের দুই চির প্রতিদ্বন্দ্বি দল ভারত-পাকিস্তান। গ্রুপ-২ তে তাদের সঙ্গী নিউজিল্যান্ড, আফিগানিস্তান ও প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল এবং ‘বি’ গ্রুপের শীর্ষ দল। গ্রুপ-১ এ আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপের শীর্ষ দল ও ‘বি’ গ্রুপের দ্বিতীয় দল।

যদিও টুর্নামেন্টের প্রথম রাউন্ডের খেলাগুলো কোথায় অনুষ্ঠিত হবে তা ঘোষণা করেনি আইসিসি। ২০২১ সালের ২০ মার্চ পর্যন্ত আইসিসির টি-২০ র্যাংকিংয়ে দলগুলোর অবস্থান অনুযায়ী ঠিক করা হয়েছে গ্রুপগুলো। বিশ্বকাপের চারটি ভেন্যু হলো, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, শারজাহ স্টেডিয়াম, আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়াম ও ওমান ক্রিকেট একাডেমি।

রাউন্ড-১

গ্রুপ ‘এ’: শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, নামিবিয়া

গ্রু ‘বি’: বাংলাদেশ, স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি, ওমান

সুপার-১২

গ্রুপ-১: ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, এ-১, বি-২

গ্রুপ-২:  ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান, এ-২, বি-১