স্বাস্থ্যঝুঁকিতে নগরবাসী
হাবিবুর রহমান বাদল, নারায়ণগঞ্জ
করোনার ভয়াবহ পরিস্থিতিতেও থেমে নেই যত্রতত্র মেডিক্যাল বর্জ্য ফেলার প্রবণতা। এতে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। নগরীর বঙ্গবন্ধু সড়কে অস্থায়ী ডাম্পিং স্পটের বর্জ্য নিয়মিত অপসারণ করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন। তবে এরমধ্যে নিতাইগঞ্জের ডাম্পিং পয়েন্টে গৃহস্থালি বর্জ্যের সঙ্গে ফেলা হয় মেডিক্যাল বর্জ্য। সুরক্ষাসামগ্রী বা কোভিড-১৯ সংশ্লিষ্ট বর্জ্যের পাশাপাশি মেডিক্যাল বর্জ্য ফেলায় বিভিন্ন রোগের সংক্রমণের আশঙ্কা বাড়ছে। সরেজমিনে দেখা যায়, ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের বিপরীত দিকে একাধিক ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিকের বর্জ্য ফেলা হয়। একই সঙ্গে ঐ এলাকার প্রায় সব বাড়ির গৃহস্থালি বর্জ্যের সঙ্গে মাস্ক ও গ্লাভসও ফেলা হচ্ছে সেখানে। এদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন বেসরকারি এনজিও সংস্থা প্রিজম বাংলাদেশে ফাউন্ডেশনের সঙ্গে করপোরেশনের আওতাধীন সব মেডিক্যাল প্রতিষ্ঠানের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে চুক্তিবদ্ধ হয়েছে। এই চুক্তিতে বেসরকারি মেডিক্যাল প্রতিষ্ঠানের পাশাপাশি ভিক্টোরিয়া হাসপাতালের বর্জ্য প্রিজমের সঙ্গে যুক্ত হয়েছে। তবুও তাদের বর্জ্যও এখানে মাঝেমধ্যে ফেলা হয় বলে জানান এলাকাবাসী। তবে হাসপাতালের নিকটবর্তী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার থেকেই এখানে মেডিক্যাল বর্জ্য ফেলে যায় বলে জানায় সিটি করপোরেশনের পরিচ্ছন্ন বিভাগ।
নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ সড়কে মেডিক্যাল বর্জ্য ফেলে রাখার বিষয়ে বলেন, সিটি করপোরেশনের আশপাশে প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো সিটি করপোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করে এবং তাদের বর্জ্য অপসারণের দায়িত্ব যেহেতু সিটি করপোরেশনের, তাই তাদের এ বিষয়ে নজরদারি বাড়ানো উচিত। মেডিক্যাল বর্জ্য সড়কে ফেললে তা স্বাস্থ্যের জন্য ভয়াবহ। এ বিষয়ে শিগিগরই ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মকর্তা আলমগীর হোসেন হিরণ এ বিষয়ে বলেন, বঙ্গবন্ধু সড়কে গৃহস্থালির যে বর্জ্য ফেলা হয়, তা প্রতিদিন সকালেই সংগ্রহ করে নির্ধারিত স্থানে ফেলে অপসারণ করা হয়। কিন্তু নিতাইগঞ্জের এ স্থানে সারাদিনই বর্জ্য ফেলে এলাকাবাসী। দিনে একবার বর্জ্য অপসারণ করা হলেও দিনব্যাপী বর্জ্য পড়ে থাকে। আর মেডিক্যাল বর্জ্য অপসারণে প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের সঙ্গে সিটি করপোরেশনের চুক্তি হয়েছে। সিটি করপোরেশনের আওতাধীন অধিকাংশ প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বর্জ্য প্রিজম বাংলাদেশ সংগ্রহ করে। বর্জ্য ফেলার জন্য ডাস্টবিনও আছে। কিন্তু ভিক্টোরিয়া হাসপাতালের কাছাকাছি কিছু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আছে, এরা লোকচক্ষুর আড়ালে সড়কে বর্জ্য ফেলে বলে জেনেছি। শিগিগরই এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।