নানা আয়োজনে শেখ হাসিনার কারাবন্দি দিবস পালিত

বিশেষ প্রতিনিধি

দোয়া ও মিলাদ মাহফিল, আলোচনাসভা এবং অসহায়দের মধ্যে বস্ত্র ও খাদ্য বিতরণের মধ্য দিয়ে স্বাস্থ্যবিধি মেনে গতকাল আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস পালিত হয়েছে। গতকাল জনসমাগম এড়িয়ে আওয়ামী লীগ ও দলের সহযোগী এবং বিভিন্ন সংগঠন দিবসটি পালন করে। ঢাকা দক্ষিণ আওয়ামী লীগ দিবসটি উপলক্ষ্যে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় স্বাস্থ্যবিধি মেনে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করে। অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধান অতিথি হিসেবে তার সরকারি বাসভবন থেকে সভায় ভার্চুয়ালি যুক্ত হন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয় চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক ও জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির প্রমুখ।

দিবসটি উপলক্ষ্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ভাটারা থানার সোলমাইদ উচ্চ বিদ্যালয় মাঠে দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন। মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উত্তর আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এ কে এম রহমতউল্লাহ, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সংসদ সদস্য হাবীব হাসান বক্তব্য রাখেন।

এদিকে গতকাল স্বেচ্ছাসেবক লীগ শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষ্যে ১৯ বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ সংগঠনের কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। যুবলীগ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের  আয়োজন করে। এ ছাড়াও সারাদেশে যুবলীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ভার্চুয়াল আলোচনাসভার আয়োজন করে। সংগঠনের কার্যকরী সভাপতি শিল্পী রফিকুল আলমের সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।  এ ছাড়াও আলোচনায় অংশ নেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, আয়োজক সংগঠনের  সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ। ২০০৭ সালের ১৬ জুলাই ভোরে আওয়ামী লীগ সভানেত্রীর বাসভবন সুধাসদন থেকে আটক করা হয় শেখ হাসিনাকে।